‘We are Sheikh Hasina’s Men’—এমন বক্তব্যসংবলিত ফেসবুক প্রোফাইলের অধিকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনটির অভিযোগ, একজন বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রক্টরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির অফিসিয়াল ই-মেইলে পাঠানো স্মারকলিপির একটি সংযুক্ত কপি থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে প্রক্টর আবুল কালাম আজাদের ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে একাধিক পোস্ট এখনো দৃশ্যমান রয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব পোস্টের মাধ্যমে তাঁর রাজনৈতিক অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির কাছ থেকে সব শিক্ষার্থীর প্রতি সমান আচরণ, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মনে করে সংগঠনটি।
এ ছাড়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর ভূমিকা, নিরপেক্ষতা ও অতীত কর্মকাণ্ড পর্যালোচনার দাবি তোলা হয়েছে।